“একটা দল ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে গেছে, তারা ইমিটেশনকে স্বর্ণ বলে মানুষকে ধোকা দিচ্ছে”

“একটা দল ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে গেছে”—এমন মন্তব্য করে চরমোনাই পীরইসলামী আন্দোলন বাংলাদেশ–এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ইঙ্গিত করেছেন জামায়াতে ইসলামীর দিকে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী হাই স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী-১ আসনে প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, “২৪-এর অভ্যুত্থানের পর আমরা যখন ইসলামের পক্ষে আওয়াজ তুলেছিলাম, তখন দেশব্যাপী মানুষ আমাদের সঙ্গে একমত হয়েছিল। কিন্তু তখন একটি দল ইসলামের পরিবর্তে ক্ষমতার মোহে আটকে গেল। তারা ইমিটেশনকে স্বর্ণ বলে মানুষকে ধোকা দিচ্ছে। আমরা দেশের মানুষকে বলবো আমরা ইমিটেশন স্বর্ণ চাই না, আমরা আসল স্বর্ণ চাই। বাংলাদেশে আমরা বাস্তব ইসলামকে দেখতে চাই।”

তিনি অভিযোগ করেন, “তারা ইসলামের লেবেল লাগিয়ে আমেরিকার নীতি বাস্তবায়ন করতে চায়, ভারতের কালচার বাস্তবায়ন করতে চায়, ব্রিটিশদের অনুসরণ করতে চায়। তারা মানুষকে ইমিটেশনের স্বর্ণ দেখিয়ে আসল ভাবাতে চায়। কিন্তু আমরা বলি, আমরা ইমিটেশন স্বর্ণ চাই না, আমরা বাস্তব ইসলাম চাই।”

দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার, দুর্নীতিতে বাংলাদেশের বিশ্বসেরা (!) হয়ে যাওয়া, বেগমপাড়া গড়ে ওঠা, রাস্তায় নামলেই গু’\ম, ঘরে ফিরলে খু’\ন—এসব ‘নীতি আদর্শের’ কঠোর সমালোচনা করেন রেজাউল করিম। তিনি বলেন, “এই নীতিতেই আবার দেশ চালানোর পাঁয়তারা চলছে।”

জামায়াতে ইসলামীর অবস্থান নিয়েও কড়া ভাষায় কথা বলেন চরমোনাই পীর। তিনি বলেন, “জামায়াত নিজেরাই বলেছে, তারা ক্ষমতায় এলে শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না, প্রচলিত ব্যবস্থায় চলবে। এমনকি তাদের একজন প্রার্থী প্রকাশ্যে বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়। তাহলে তারা কী আদর্শে দেশ চালাবে?”

রেজাউল করিম দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একা নয়। “আমাদের সঙ্গে আল্লাহ আছেন, দেশের সব ওলামায়ে ইকরাম আছেন, যারা ইসলাম ও দেশকে ভালোবাসেন, তারাও আমাদের সঙ্গে আছেন।”

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে প্রার্থী জহিরুল ইসলাম। সভায় দলের অন্যান্য আসনের প্রার্থী ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *