বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন আর ইসলামী দল নয়- এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর-২ আসনের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
এ সময় সৈয়দ ফয়জুল করিম বলেন, জামায়াতের সৃষ্টি হয়েছিল সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে- কোথায় সেই আইন, কোথায় সেই স্লোগান। তিনি অভিযোগ করে বলেন, এক সময় তারা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়েও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। দাড়ি, টুপি, পায়জামা-পাঞ্জাবি নেই, এমন কি কুরআন-সুন্নাহর অনুসরণ নিয়েও প্রশ্ন তুলেছিল।
ফয়জুল করিম আরও বলেন, আপনারা ইসলামের কথা না বলে ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েমের কথা বলছেন- এটা মানুষকে ধোঁকা দেয়ার শামিল।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নেতা ও দলের পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয়নি। ৫ আগস্টের আগে একদল চাঁদা তুলত, এখন ৫ আগস্টের পরে আরেক দল চাঁদা তোলে। চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। একদল খুন করেছে, এখন আরেক দল খুন করছে- হাতের পরিবর্তন হয়েছে, খুনির পরিবর্তন হয়নি। একদল ধর্ষণ করত, এখন আরেক দল করছে- মানুষের পরিবর্তন হয়েছে, অপরাধের পরিবর্তন হয়নি।
মাদারীপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন দলের চরমোনাইয়ের পীর রেজাউল করিম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলী আহমেদ চৌধুরী এবং মাদারীপুর-৩ আসনের প্রার্থী মাওলানা আকরাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মী।


