কুমিল্লায় চাঁদাবাজি-সন্ত্রাস রুখতে নবনির্বাচিত এমপির ‘অভিযোগ বাক্স’

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড রোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। জনগণের সরাসরি অভিযোগ গ্রহণের লক্ষ্যে তিনি ‘অভিযোগ বাক্স’ স্থাপনের কার্যক্রম শুরু করেছেন।

এর অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় নাঙ্গলকোট বাজারের বটতলা এলাকায় একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যের পক্ষ থেকে স্থাপিত ওই বাক্সে স্পষ্টভাবে লেখা রয়েছে, ‘বিএনপির কোনো নেতা-কর্মী চাঁদাবাজি অথবা অনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে দয়া করে নির্দ্বিধায় লিখিত অভিযোগ জমা দিন। নিবেদক—মোবাশ্বের আলম ভূঁইয়া, এমপি।’

মোবাশ্বের আলম ভূঁইয়া জানিয়েছেন, এটি কেবল শুরু। পর্যায়ক্রমে তাঁর নির্বাচনী এলাকার দুটি উপজেলা পরিষদ, দুটি থানা এবং গুরুত্বপূর্ণ সব এলাকায় একইভাবে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। শিগগিরই থানা ও উপজেলা কার্যালয়ে স্থাপিত বাক্সগুলো স্টিল দিয়ে নির্মাণ করা হবে এবং সেগুলোতে থাকবে তালার ব্যবস্থা। সেই তালার চাবি কেবল সংসদ সদস্যের কাছেই থাকবে। তিনি এলাকায় অবস্থানকালে নিজেই তালা খুলে অভিযোগগুলো পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন।

এ উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। নাঙ্গলকোট ও লালমাই উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান, থানা ও উপজেলা কার্যালয়ে আমরা অভিযোগ বাক্স স্থাপন করছি। যে কেউ সম্পূর্ণ নাম গোপন রেখে এসব বাক্সে অভিযোগ জানাতে পারবেন।”

তিনি আরও জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। “অপরাধী যদি আমাদের দলের কেউও হয়, তার বিরুদ্ধেও দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না,” বলেন তিনি।

মোবাশ্বের আলম ভূঁইয়া নিজের দায়িত্ববোধের কথাও তুলে ধরেন। তাঁর ভাষায়, “জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের পাহারাদার হওয়ার জন্য। আমি তাদের পাহারাদার হয়ে থাকতে চাই। আমি এই এলাকায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। বিএনপি আমার দল, কিন্তু আমি জনগণের এমপি। আমার দলের কোনো নেতা–কর্মী অপরাধ করলে আমি আরও কঠোর হব।”

স্থানীয়ভাবে এই উদ্যোগকে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বাক্স স্থাপনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সরাসরি অভিযোগ জানানোর একটি উন্মুক্ত পথ তৈরি হচ্ছে—এমনটাই মনে করছেন অনেকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *