২২ বছর পর খুলনায় ফিরলেন তারেক রহমান (Tarique Rahman)। তাকে একনজর দেখতে এবং তার নির্বাচনী জনসভায় অংশ নিতে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে সকাল থেকেই দলে দলে জড়ো হচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢল নামছে খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরাসহ আশপাশের জেলাগুলো থেকেও। আজ সোমবার দুপুর ১২টায় জনসভা শুরু হওয়ার কথা।
প্রভাতী স্কুল মাঠের মঞ্চে থাকবেন প্রধান অতিথি হিসেবে তারেক রহমান নিজেই। জনসভা শেষে তার যশোরে আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তার এ সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
প্রভাতী স্কুল মাঠে জনতার ঢল, রাতভর প্রস্তুতি
জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন হাজারো নেতাকর্মী। কেউ আসছেন মিনি ট্রাক, কেউবা হেঁটে কিংবা রিকশা-ভ্যানে। রাতভর মঞ্চের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন দলের নেতা-কর্মীরা। মাঠের এক পাশে পুরুষ ও অপর পাশে নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে।
বিএনপি খুলনা মহানগর মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন বলেন, “জনসভাকে ঘিরে জনতার ঢল নেমেছে। আশা করছি, দুপুর ১২টার মধ্যেই তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছাবেন।”
তিন স্তরের নিরাপত্তা, পুলিশের টহল
তারেক রহমানে’র আগমন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। রোববার রাত থেকেই খালিশপুর এলাকার বিভিন্ন মোড় ও সড়কে পুলিশের অবস্থান ছিল নজরকাড়া। আজ ভোর থেকে নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়।
বাগেরহাট ও সাতক্ষীরাসহ পার্শ্ববর্তী জেলার নেতা-কর্মীরাও সকাল থেকেই খুলনার দিকে রওনা হয়েছেন। অনেকেই জানিয়েছেন, তারা শুধু তারেক রহমানে’র বক্তব্য শোনার আশায় এসেছেন।
রাজনৈতিক উত্তাপের নতুন অধ্যায়?
আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তারেক রহমানে’র খুলনায় আগমন এবং দুটি জনসভা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করেছে। দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ সময় পর কেন্দ্রীয় নেতার সরাসরি উপস্থিতি মাঠের রাজনীতিতে নতুন গতি আনবে।


