নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত আন্দোলন (Botgach symbol)-এর প্রার্থী মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী (Mohammad Gazi Abdur Rahim Ruhi) এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
নেত্রকোনার মোক্তারপাড়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহী বলেন, “জামায়াত ইসলামী স্বাধীনতার পর থেকে ইসলামী দলগুলোর সঙ্গে মোনাফেকি করে আসছে। আপনারা দেখেছেন, তাদের জোট থেকে হাতপাখাও বের হয়ে এসেছে। অন্যরাও একে একে জোট ত্যাগ করছে।”
তিনি অভিযোগ করেন, খেলাফত আন্দোলনের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি বিএনপি নেতৃত্বাধীন জোট। “আমি কেন্দ্রীয় দায়িত্বে থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। উনাদের বাসায় গিয়েও দেখা পাইনি। আমাদের বিভিন্ন সমাবেশে শুধু ব্যবহার করেছে,” বলেন রুহী।
তিনি আরও যোগ করেন, “শেষ মুহূর্তে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হলেও নিচে লেখা ছিল, কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতা হয়নি। বাংলাদেশ খেলাফত আন্দোলন ছিল সেই তালিকায়। ফলে এ আসনে আমি আর লড়ছি না।”
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করলে—জোটে অবমূল্যায়নের কারণেই কি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন—রুহী বলেন, “হ্যাঁ, আমরা অবমূল্যায়নের কারণেই সরে দাঁড়িয়েছি। রিকশা মার্কা একমাত্র ব্যতিক্রম দল, আর জামায়াত। বাকি সব জামায়াতের ‘বি’ টিম—যাদের তারা আগেভাগেই তৈরি করে রাখে যেন যেকোনো সময় বিপদে পড়লে বিকল্প থাকে।”
তবে এই সিদ্ধান্ত দলীয়ভাবে কেন্দ্রীয় নয় বলে জানান তিনি। এটি শুধুমাত্র জেলা কমিটির সিদ্ধান্ত, যা কেন্দ্রে আলোচিত হয়নি।


