পবিত্র শবেবরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

পবিত্র শবেবরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবিক কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)। সোমবার (২ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত, যেটি মুসলমানদের কাছে শবে বরাত হিসেবে পরিচিত, তা আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ। মঙ্গলবার রাতে (৩ ফেব্রুয়ারি) সারাদেশে পালিত হবে এ মহিমান্বিত রজনী।

বাণীতে প্রধান উপদেষ্টা বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানান এবং বলেন, “পবিত্র শবেবরাত আমাদের জীবনে রহমত, মাগফিরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ এনে দেয়। হাদিসে বর্ণিত আছে, এই রাতে আল্লাহ তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। তাই মুসলিম উম্মাহর জন্য এটি এক সৌভাগ্যময় রজনী।”

ড. ইউনূস বলেন, “মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতে পারি। এ রাত আমাদেরকে গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে নতুনভাবে সঠিক পথে চলার জন্য আত্মপ্রবঞ্চনা ত্যাগ করার সুযোগ দেয়।”

তিনি আরও বলেন, “আসুন, পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ উপলক্ষ হিসেবে গ্রহণ করে আমরা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনায় রত হই। সব অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করি।”

বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, “সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। আমীন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *