বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার রাতে ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যান প্রাঙ্গণে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। এবারের নির্বাচনী প্রচারণার শেষ কর্মসূচি হিসেবেই তিনি এই কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার পরিসমাপ্তি টানেন।
জাতির উদ্দেশে ভাষণ ও নির্বাচনী ব্যস্ততা সত্ত্বেও দিনটিতে তিনি জিয়া উদ্যানের পারিবারিক সমাধিস্থলে উপস্থিত হন। দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সহকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাবা-মার কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। নীরব সেই মুহূর্তে শহীদ জিয়ার আত্মত্যাগ ও খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক সংগ্রামের স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরাও।
দীর্ঘদিন ধরে নির্বাসনে থাকা তারেক রহমান গত ২০ দিন দেশের বিভিন্ন জেলাতে তার নির্বাচনী প্রয়োচারণা চালিয়েছেন। তার এই উপস্থিতিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকে মনে করছেন, এটি একদিকে যেমন পারিবারিক শিকড়ে ফিরে যাওয়ার প্রতীক, অন্যদিকে দলের প্রতি তার দায়বদ্ধতা ও নেতৃত্বের আত্মবিশ্বাসপূর্ণ প্রকাশ।
রাজনৈতিক প্রেক্ষাপটে এমন সময় এই কর্মসূচি অনুষ্ঠিত হলো, যখন দেশজুড়ে ভোটের আগমুহূর্তের উত্তেজনা তুঙ্গে। আর তাই তারেক রহমানের কবর জিয়ারত এবং নির্বাচনী প্রচারণার এই আবেগঘন সমাপ্তিকে অনেকেই দেখছেন একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে।


