লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা অবস্থায় স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যাওয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার ও এক পোলিং অফিসারকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় তাদের সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
আটক দুই কর্মকর্তা হলেন সহকারী প্রিজাইডিং অফিসার এম এ ওসমানি এবং পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। এম এ ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি জানান, আটক দুইজন বর্তমানে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে ভোটকেন্দ্র রেখে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যান ওসমানি ও ইকবাল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (Shahid Uddin Chowdhury Annie) বিএনপির প্রার্থী হিসেবে এবং রেজাউল করিম (Rezaul Karim) জামায়াত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ৬ জন প্রার্থী রয়েছেন।
আরও পড়ুন: বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত


