স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)। তিনি বিএনপি (Bangladesh Nationalist Party)-এর স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এরপর বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে। এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সিকদার পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর পিতা মৌলভী ছাঈদুল হক এবং মাতা বেগম আয়েশা হক।
প্রাথমিক শিক্ষা পেকুয়াতেই সম্পন্ন করার পর তিনি পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৭ সালে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭৯ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। ১৯৮০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)-এর আইন বিভাগে ভর্তি হন। সেখান থেকে ১৯৮৪ সালে এলএলবি (সম্মান) এবং ১৯৮৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে সনদ লাভ করেন।
১৯৮৫ সালে ৭ম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হন। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি বিসিএস (প্রশাসন) চাকরিতে যোগদান করেন। বগুড়া জেলা প্রশাসনে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৯১ সালে তিনি তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-এর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কিছু সময় কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও সামলেছেন। ছাত্রদলের দায়িত্বে থাকাকালে স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে তিনি গ্রেপ্তার হয়ে একাধিকবার কারাভোগও করেছেন।
দীর্ঘ প্রশাসনিক, আইন ও রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর প্রত্যাবর্তন এখন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


