কোন মন্ত্রণালয় পেয়েছেন নুর, জানালেন রাশেদ

পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন। দলটির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষের প্রার্থী হওয়া মুহাম্মদ রাশেদ খাঁন এ তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ফেসবুকে এক পোস্টে মুহাম্মদ রাশেদ খাঁন লিখেছেন, আমার সহযোদ্ধা নুরুল হক নুর ‘বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়’ এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছে। আজকে কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছি। আমার মিশনও বলা যায় শেষ হয়েছে।

এ কে এম ওয়াহিদুজ্জামানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ার পিছনে তার বিশেষ প্রচেষ্টা ও আন্তরিকতা আছে। তার সাহস ও অনুপ্রেরণাতে আমি সবসময় চেষ্টা করেছি গণঅধিকার পরিষদকে বিএনপির সাথে জোটবদ্ধ রাখার জন্য। নির্বাচনের আগে আমার বিরুদ্ধে গণঅধিকার পরিষদের মধ্যে গভীর ষড়যন্ত্র হয়। আমাকে মাইনাস করতে একটি সংঘবদ্ধ চক্র গভীর চক্রান্ত করে।

আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপির সিদ্ধান্ত জানালেন সালাহউদ্দিন আহমদ

তিনি আরও বলেন, ‘বলা যায়, তাদের অত্যাচার ও যন্ত্রণায় আমি দল থেকে পদত্যাগ করতেও বাধ্য হয়েছি। তারা নুরুল হককে জামায়াতে ইসলামীর জোটে নিতে এমন কোন চেষ্টা নেই, যা করেনি। তাকেও মানসিক চাপ দেওয়া হয়েছে। তবে আমার সহযোদ্ধা নুরুল হক নুরু সব সময় আমার প্রতি আস্থা রেখেছে। তাদের ষড়যন্ত্রকে গুরুত্ব না দিয়ে সবসময় আমার পাশে থেকেছে।’

মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘আমিও আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে, আল্লাহ নুরুল হক নুরের কাছে আমার সম্মান রক্ষা করেছেন। আমি এমপি হতে পারিনি, এতে আমার কোন আফসোস নেই, আমার সহযোদ্ধা প্রতিমন্ত্রী হতে পেরেছে, এতেই আমি মহাখুশি। আমি ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যিনি নুরুল হক নুরকে সম্মানিত করেছেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *