প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আপাতত নিজ বাসভবনেই অবস্থান করবেন তারেক রহমান (Tarique Rahman)। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কার কাজ শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। সে সময় পর্যন্ত তিনি বর্তমানে যেখানে অবস্থান করছেন, সেখানেই থাকার পরিকল্পনা রয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, যমুনার সংস্কার সম্পন্ন হলে সেখানে প্রধানমন্ত্রীর জন্য আনুষ্ঠানিকভাবে ওঠার ব্যবস্থা করা হবে। পাশাপাশি নতুন প্রধানমন্ত্রীর জন্য একটি স্থায়ী ও আধুনিক বাসভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তবে সেই প্রকল্প এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্যভাবে শেরেবাংলা নগর এলাকায় নতুন বাসভবন নির্মাণের চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে।
বর্তমানে যমুনায় অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। অতীতেও বিভিন্ন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারা এই ভবনেই অবস্থান করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের মঈনুল রোডের বাসভবনে অবস্থান করতেন। অন্যদিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে গণভবনে থাকতেন, যা বর্তমানে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান নিয়মিতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই অফিস করবেন। মন্ত্রীদের দপ্তর পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সচিবালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


