ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ১৯.৫ শতাংশ

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থে ফের চাঙা দেশের রেমিট্যান্স প্রবাহ। সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)-এর সর্বশেষ তথ্যেই উঠে এসেছে এ চিত্র।

তথ্য অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারিতে দেশে এসেছিল ২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। সেই তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। অর্থাৎ সামগ্রিক হিসাবেও প্রবাসী আয়ে দৃশ্যমান ঊর্ধ্বগতি রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকার সমান। গত বছরের ফেব্রুয়ারিতে এসেছিল ২৫২ কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশে আসে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ডলার এসে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান তৈরি হয়।

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চ মাসে—৩২৯ কোটি ডলার। ঈদুল ফিতরকে সামনে রেখে সে সময় প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছিলেন বলে জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া ২০২৫ সালে দেশের মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৮২ কোটি ডলার।

রেমিট্যান্স প্রবাহে এ চাঙাভাব বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলছে বলে ব্যাংকসংশ্লিষ্টরা জানিয়েছেন। সর্বশেষ তথ্যমতে, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund – IMF)-এর হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *