জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে নাটোরের সিংড়া উপজেলায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটির নিচে ট্যাংকে সংরক্ষিত প্রায় ১০ হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে নাটোর (Natore) জেলার সিংড়া (Singra) পৌরসভার নিংগইন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত (Abdullah Al Rifat)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে বাঁশের ঝাঁড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল সংরক্ষণ করা হয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে অভিযানে মাটির নিচে স্থাপন করা ট্যাংকির ভেতর থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল মজুদ অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিংড়া থানার মোড় এলাকার সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলকে বেআইনিভাবে বিপুল পরিমাণ ডিজেল সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আগামীকালের মধ্যে মজুদকৃত ডিজেল তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
মো. রুবেল নিংগইন ভাটোপাড়া মহল্লার বাসিন্দা বলে জানা গেছে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে একই দিনে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারেও অভিযান চালানো হয়। সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তিন দোকানিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু (Mahmudul Hasan Dipu)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, কিছু অসাধু ব্যবসায়ী তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। তিনি বলেন, অভিযুক্ত ব্যবসায়ীর তেল মজুদের অনুমতি থাকলেও যথাযথ নিয়ম অনুসরণ না করে বেআইনিভাবে সংরক্ষণ করায় তাকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, বাজারে কৃত্রিম সংকট ও অনিয়ম ঠেকাতে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।


