প্রবাসী আয় প্রবাহে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা চলতি বছরের মার্চ মাসে দেশে পাঠিয়েছেন ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank) সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মার্চ মাসজুড়ে মোট রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার। আগের মাস ফেব্রুয়ারির তুলনায় এটি প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি। একই সঙ্গে গত বছরের মার্চের তুলনায়ও প্রায় ৪৬ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ৩০২ কোটি ডলার। আর গত বছরের মার্চে এই পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, এতদিন দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সর্বোচ্চ রেমিট্যান্সের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ২০২৫ সালের ডিসেম্বর, যখন দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
এছাড়া তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের জানুয়ারিতে, যার পরিমাণ ছিল ৩১৭ কোটি ডলার।
নতুন এই রেকর্ড দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।


