সোমবার যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো (San Diego)-র একটি ইসলামিক সেন্টারে বন্দুকধারীর হামলায় এক ব্যক্তির নিহত হবার খবর জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার বিকেলে সান ডিয়েগো পুলিশ একটি মসজিদে প্রাণঘাতী গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখানকার হুমকি ‘নিষ্ক্রিয়’ করে।
আক্রমণের শিকার হওয়া মসজিদ—‘ইসলামিক সেন্টার অফ সান ডিয়েগো’-এর চেয়ারম্যান আহমেদ শাবাইক এক ইমেলে জানান যে, অন্তত একজন ব্যক্তি—একজন নিরাপত্তা প্রহরী—নিহত হয়েছেন।
এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে, তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। শহরের মেয়র টড গ্লোরিয়া জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কর্তৃপক্ষের কাছে নতুন কোনো তথ্য আসা মাত্রই তা প্রকাশ করা হবে।
পুলিশ মৃ’\ত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি। সম্ভাব্য অন্য কোনো হতাহতের বিষয়ে তাদের কাছে অতিরিক্ত তথ্য নেই বলেও জানানো হয়েছে।
সান ডিয়েগোর বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিতি পাওয়া ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো (Islamic Center of San Diego) একই সঙ্গে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়। সেখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ‘আল রশিদ উইকেন্ড স্কুল’ এবং শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য কোরআন একাডেমিও পরিচালিত হয়। শিশুদের জন্য একটি গ্রীষ্মকালীন শিবিরও আয়োজন করে থাকে কেন্দ্রটি, যা আগামী জুন মাসে শুরু হওয়ার কথা। এ ছাড়া ইসলামিক সেন্টারটিতে বিভিন্ন সামাজিক ও কমিউনিটি-ভিত্তিক সাংগঠনিক কার্যক্রমও নিয়মিত পরিচালিত হয়।


