ঈদুল আজহায় দেশবাসী ও বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি (BNP)-র চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)।

মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা।

তিনি লেখেন, “আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।”

তারেক রহমান বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমান পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু আনন্দের নয়; বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের চিরন্তন বার্তা বহন করে।

তিনি আরও লেখেন, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজরত ইব্রাহিম (আ.)-এর অটল ইমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পোস্টে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন সবার ত্যাগ কবুল হয়। একই সঙ্গে মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করেন।

শেষে প্রধানমন্ত্রী লেখেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ যেন কোরবানি ও ইবাদত কবুল করে নেন এবং তার অশেষ রহমত ও বরকতে সবার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *