আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নয়টি আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ থাকছে না। প্রার্থিতা বাতিল ও শরিক দলগুলোর মাঝে আসন ভাগাভাগির কারণে এসব আসনে বিএনপির কোনো প্রার্থী বা প্রতীক নেই।
কুমিল্লা-৪ আসনে, আপিল বিভাগ বিএনপি প্রার্থীদের আবেদন খারিজ করে দেওয়ায় এ আসনে ধানের শীষ প্রতীকসহ কোনো প্রার্থী থাকছে না। অন্যদিকে, কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে হাইকোর্টে রিট খারিজের পর তার আপিলও রবিবার খারিজ হয়ে যায়। ফলে এই আসনেও তার পক্ষে নির্বাচন করার আর কোনো সুযোগ থাকছে না।
তবে কুমিল্লা-১০ আসনেই ধানের শীষ প্রতীক নিয়ে মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচন করতে পারবেন। কারণ তার লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। তিনি ইতিমধ্যেই ধানের শীষ প্রতীক বরাদ্দও পেয়েছেন।
এদিকে, বিএনপি তার শরিক দলগুলোর মধ্যে আটটি আসন ছেড়ে দিয়েছে, যেগুলোর প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করছেন। ফলে এসব আসনেও ‘ধানের শীষ’ প্রতীক দেখা যাবে না।
এই আটটি আসনের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে চারটি:
– সিলেট-৫: দলটির সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক ‘খেজুরগাছ’ প্রতীকে
– ব্রাহ্মণবাড়িয়া-২: সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ‘খেজুরগাছ’ প্রতীকে
– নীলফামারী-১: মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ‘খেজুরগাছ’ প্রতীকে
– নারায়ণগঞ্জ-৪: কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী ‘খেজুরগাছ’ প্রতীকে
বাকি চার শরিক দলের প্রার্থী ও প্রতীক:
– ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি ‘মাথাল’ প্রতীক
– ঢাকা-১২: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ‘কোদাল’ প্রতীক
– পটুয়াখালী-৩: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক
– ভোলা-১: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ‘গরুর গাড়ি’ প্রতীক
ফলে কুমিল্লা-৪ ও শরিকদের অংশগ্রহণ করা আরও আটটি আসনসহ মোট নয়টি আসনে এবারের নির্বাচনে ‘ধানের শীষ’ অনুপস্থিত থাকছে।


