কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ

কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের একটি নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা এলাকায় ১ নম্বর ওয়ার্ড বিএনপির ওই নির্বাচনি ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ও প্যান্ডেল পুড়ে যায়।

স্থানীয়রা আগুনের ঘটনা টের পেয়ে দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তবে মুখ বাঁধা থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *