ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ঢাকা-১৭ আসনের কড়াইল, সাততলা ও টিএনটি বস্তিতে বসবাসকারী সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন বিএনপি নেতা তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবায়দা রহমান (Zobaida Rahman)।
সোমবার (২ ফেব্রুয়ারি) এই মতবিনিময় সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (Ziaur Rahman Foundation)। ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত থেকে ডা. জোবায়দা সরাসরি সুবিধাবঞ্চিত নারী ও স্থানীয়দের কথা শোনেন এবং তাদের সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নেন।
তিনি বলেন, বিএনপির নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে উদ্যোগ নেওয়া হবে। নারী শ্রমজীবীদের স্বাস্থ্য, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা—এই তিনটি বিষয়ের ওপর বিশেষ জোর দেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডিরেক্টর প্ল্যানিং ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী এবং ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সভায় নারী অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও দৈনন্দিন সমস্যার কথা অকপটে তুলে ধরেন। সামাজিক বৈষম্য, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জীবনযাত্রার নানা দুর্ভোগের বিষয়ে খোলামেলা আলোচনায় অংশ নেন সকলে।
এর আগে কড়াইল বস্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে মাসব্যাপী আয়োজিত ‘ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’ এবং বিশেষায়িত সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন ডা. জোবায়দা রহমান। এই মেডিকেল ক্যাম্পটি আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
এ ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়, যেখানে ইসিজি, ব্লাড সুগারসহ প্রয়োজনীয় পরীক্ষাগুলো সম্পূর্ণ বিনামূল্যে করানো হয়। পাশাপাশি উপস্থিত শিশুদের মাঝে ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে বই বিতরণ করা হয়, যা অভিভাবকদের মাঝে উচ্ছ্বাসের জন্ম দেয়।


