জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি

নারী বিদ্বেষী বক্তব্যের জেরে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে বাম রাজনৈতিক দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাসদ সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনের স্বাক্ষরিত করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, গত ২৯ জানুয়ারি আল জাজিরার সাথে সাক্ষাৎকারে জামায়াত আমির অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, সৃষ্টিগত কারণেই নারীরা তাদের দলের শীর্ষ নেতৃত্বে আসার অনুপযুক্ত।

গত ৩১ জানুয়ারি তার এক্স টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, সেখানেও বলা হয়, আমরা বিশ্বাস করি যে, আধুনিকতার নামে যখন নারীদের ঘর থেকে বের করা হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি পতিতাবৃত্তির আরেকটি রূপ ছাড়া কিছুই নয়। যদিও জামায়াতের পক্ষ থেকে পরবর্তীকালে সংবাদ সম্মেলন করে অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করা হয়েছে।

সর্বশেষ গত রোববার জামায়াত আমিরের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক বক্তব্যে তিনি বলেন, আমাদের ইশতেহার প্রথম দিন থেকেই স্পষ্ট। আমরা রাজনীতি এবং স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক সম্মানকে সমর্থন করি।

যুক্ত ফ্রন্ট নেতারা বলেন, আল জাজিরার সঙ্গে দেওয়া সাক্ষাৎকার এবং ফেসবুক স্ট্যাটাস একটি আরেকটির সঙ্গে সাংঘর্ষিক এবং পরস্পর বিপরীত। রাজনীতিতে নারী নেতৃত্ব যদি তারা সমর্থন করেন, তাহলে দলের শীর্ষ পদে বা প্রধান কেন হতে পারবে না? এ প্রশ্নের কী কোনো উত্তর আছে? আসলে ইশতেহারে যা বলা আছে, তা তারা বিশ্বাস করেন না। কারণ, জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী স্পষ্ট করে বলেছেন, নারী রাজনীতি, শাসন ও সামরিক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন না। তাই মওদুদীর অনুসারী জামায়াত কখনই নারী নেতৃত্ব মানে না।

তারা বলেন, জামায়াতের নারী শাখার নেত্রীরাও নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন, জামায়াত একটা ইসলামী দল, ইসলামে নারী শীর্ষ নেতৃত্বে আসতে পারবে না এমন বিধান রয়েছে। এটা মেনে নিয়েই তারা জামায়াত করেন। জামায়াতের বিভিন্ন নেতারাও নারীদের হেয়প্রতিপন্ন করে অবমানাকর বক্তব্য বিবৃতি হর হামেশাই দিচ্ছেন।

সম্প্রতি বরগুনায় জামায়াতের এক নেতা নারী বিদ্বেষী বক্তব্য দেন। এ থেকে বুঝা যায়, জামায়াত আসলে নারীদেরকে কী নজরে দেখে। ফলে আইডি হ্যাক নয়, জামায়াত আমিরসহ জামায়াত নেতাদের মাথা বহু আগেই মওদুদীর ইসলাম চিন্তা হ্যাক করে রেখেছে। মুখে যতই সুন্দর কথা বলুক, মাঝে মাঝে সেই সত্যটা মুখ দিয়ে বেরিয়ে আসে।

বিবৃতিতে নেতারা, জামায়াত আমিরের নারী বিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *