দীর্ঘ দুই দশক পর তারেক রহমান (Tarique Rahman)-কে সরাসরি দেখার অপেক্ষায় রয়েছে ভোলার তৃণমূল বিএনপি নেতাকর্মীরা। আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনী জনসভায় যোগ দিতে ইতোমধ্যেই ভোলা জেলা থেকে সড়ক ও নৌপথে হাজার হাজার নেতাকর্মী রওনা হয়েছেন।
জেলা বিএনপির লক্ষ্য, জনসভায় ভোলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ নিশ্চিত করা। এই লক্ষ্য সামনে রেখে জেলার প্রতিটি উপজেলা থেকে নেতাকর্মীরা দলীয় ও নিজস্ব ব্যবস্থাপনায় বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
ভেদুরিয়া লঞ্চঘাট থেকে সদর উপজেলা বিএনপির উদ্যোগে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলারে নেতাকর্মীরা রওনা হন। পাশাপাশি চরফ্যাশনের ঘোষেরহাট ও লালমোহন থেকে ৪টি বিশেষ লঞ্চও বরিশালের পথে রয়েছে। প্রতিকূল যাতায়াত ব্যবস্থার মাঝেও বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার নেতাকর্মীরা আগেই বরিশালে পৌঁছে গেছেন।
দলীয় লঞ্চের বাইরেও অনেকে ট্রলার ও ছোট নৌকায় করে জনসভায় যোগ দিতে যাচ্ছেন। পুরো জেলাজুড়ে বইছে এক উৎসবমুখর আবহ। শ্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন প্রান্ত।
এদিকে একদিন আগেই বরিশালে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান বলেন, “এটি কেবল একটি জনসভা নয়, বরং ভোলার তৃণমূল নেতাকর্মীদের জন্য এক আবেগঘন ঐতিহাসিক মুহূর্ত। জনসভা শেষে সবাই ফিরে গিয়ে আরও বেশি উদ্যমে নির্বাচনী কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়বে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ বরিশালের জনসভাকে এক বিশাল জনসমুদ্রে রূপ দেবে এবং দক্ষিণাঞ্চলের রাজনীতিতে বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে।


