সেনাপ্রধানের ঢাকা মহানগর ক্যাম্প পরিদর্শন, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষতার নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারে মাঠপর্যায়ে তৎপর হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তিনি রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন করেন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

এই সফরে সেনাপ্রধান নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা দেন। বিশেষভাবে উল্লেখ করেন, সেনাবাহিনী ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ নীতির অধীনে মোতায়েন হয়ে যে দায়িত্ব পালন করছে, তা যেন সর্বোচ্চ সততা ও দায়িত্বশীলতার সঙ্গে হয়।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সামরিক কর্মকর্তাবৃন্দ। আলোচনা হয় নির্বাচনকালীন সময়ে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা ও আন্তঃবাহিনী সমন্বয় প্রসঙ্গে।

এ সময় সেনাপ্রধান সরেজমিনে ক্যাম্পে মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তার সঙ্গে ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া এবং সেনাসদর, ঢাকা ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

উল্লেখযোগ্যভাবে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে সেনাপ্রধান ইতিমধ্যে ২২ জানুয়ারি থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার এরিয়ার সেনা, প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *