জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)–এর সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু এবং হল সংসদের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত একাধিক ছাত্রনেতা আনুষ্ঠানিকভাবে ছাত্রদল-এ যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি-র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সম্প্রতি অনুষ্ঠিত জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে সহসভাপতি পদে বিজয়ী হয়ে আলোচনায় আসেন আবদুর রশিদ জিতু। তিনি একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। ছাত্রদলে যোগ দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে তার রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাবী, সংগ্রামী ও নির্ভীক ছাত্রনেতাদের ছাত্রদলে যুক্ত হওয়া আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


