দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরলেন ট্রাকের প্রার্থী

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে নির্বাচনি সমীকরণে বড় পরিবর্তন এসেছে। এই আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত হয়ে বিন ইয়ামিন মোল্লা জামায়াত প্রার্থীর প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

সভায় জামায়াতের জেলা, উপজেলা নেতৃবৃন্দসহ ওই আসনের জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন। ওই মঞ্চে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি কুড়িগ্রাম-১ আসনের গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।

জনসভায় দেয়া বক্তব্যে বিন ইয়ামিন মোল্লা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়ে এই জনসভায় এসেছি। এ সময় নির্বাচিত হয়ে তার প্রতিশ্রুত কাজগুলো করার জন্য জামায়তের প্রার্থীর কাছে আবেদনও জানান বিন ইয়ামিন।

জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান আকর্ষণ ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিন ইয়ামিন মোল্লার এই আকস্মিক সমর্থনে ওই নির্বাচনি এলাকায় নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ভোটাররা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *