ঝালকাঠি-২: বিএনপির প্রার্থী ইসরাত সুলতানাকে সমর্থন দিল জেলা জাতীয় পার্টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে বড় রাজনৈতিক সমর্থন পেলেন বিএনপি-মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আসনে তাঁরা ইসরাত সুলতানাকে সমর্থন দিচ্ছেন।

ঘোষণার পরপরই স্থানীয় এলাকায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আসন্ন গণভোটে জাতীয় পার্টির জেলা ইউনিট ‘না’ ভোটের পক্ষেও অবস্থান নিয়েছে বলে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের কোনো প্রার্থী নেই। ঋণখেলাপির অভিযোগে আমাদের প্রার্থী এম এ কুদ্দুস খানের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। সেজন্য আমরা স্থানীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপির প্রার্থী ইসরাত সুলতানাকে সমর্থন দিচ্ছি। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গণভোটে ‘না’ ভোট দেব।”

উল্লেখ্য, ইসরাত সুলতানার প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টো ১৯৮৬-১৯৯০ ও ১৯৯৬-২০০০ মেয়াদে জাতীয় পার্টির মনোনয়নে ঝালকাঠি-২ আসন থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এ এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন এবং জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন বলে স্থানীয় রাজনীতিতে তাঁর একটি আলাদা অবস্থান রয়েছে।

দলীয় সমর্থনের বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বলেন, “আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলার নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছি। ভুট্টো সাহেবের অবদানের কথা ভুলে যাওয়া যায় না। তাই তাঁর স্ত্রী ইসরাত সুলতানার পক্ষে অবস্থান নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব মনে করছি।”

এই সমর্থনের ফলে ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানার অবস্থান আরও শক্তিশালী হলো বলেই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *