জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শীর্ষ ইসলামি নেতাদের সমর্থন পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তার প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামি নেতারা বিএনপিকে সমর্থন দিয়েছেন’—এই সংবাদের পরিপ্রেক্ষিতে তারেক রহমান এ বার্তা দেন।
বিবৃতিতে তারেক রহমান বলেন, “জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে। ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে এ সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক ও অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিকভাবে বুঝতে পারবে। আমি আবারো সম্মানিত আলেম-ওলামাদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের অব্যাহত সহযোগিতা কামনা করি।”
এই বিবৃতিকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ইসলামি নেতৃত্বের প্রকাশ্য সমর্থন বিএনপির নির্বাচনি প্রচারে মনস্তাত্ত্বিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ইসলামি ভোটব্যাংকের বড় অংশ নিজেদের পক্ষে রাখার ক্ষেত্রে তা সহায়ক হবে।


