ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে, দেশের সর্বোচ্চ নির্বাচন পরিচালনা সংস্থার প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণের আগে সারাদেশে বিএনপির প্রার্থীদের ওপর হামলা, নেতা-কর্মীদের গ্রেফতার এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অভাব নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে অবহিত করতেই এই বৈঠকের আয়োজন।
প্রতিনিধি দলে নজরুল ইসলাম খানের সঙ্গে আরও থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য জ্যেষ্ঠ সদস্য ও দলের গুরুত্বপূর্ণ নেতারা। বৈঠকে তারা নির্বাচন কমিশনের কাছে ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার বিষয়ে জোর দাবি জানাবেন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, “আজ সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নির্বাচন কমিশনকে সরাসরি জানাতে চাই। ভোট যেন সহিংসতা ও ভয়ভীতির ছায়ায় না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।”
এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র কৌতূহল দেখা দিয়েছে, বিশেষ করে যখন বিএনপি নির্বাচনে ফের জোরালো অবস্থান নিয়েছে এবং দেশজুড়ে সহিংসতা ও আ’\ট’\কের অভিযোগ উঠছে।


