বরিশাল-২: গভীর রাতে জামায়াতের আমীরের বাসায় বৈঠকের বিতর্কে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত

বরিশালের উজিরপুরে একটি ভোটকেন্দ্র ঘিরে বিতর্কের জেরে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে, তারা দায়িত্বে থাকা অবস্থায় কেন্দ্র ত্যাগ করে উপজেলা জামায়াতের আমীরের বাসায় গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবিবপুর ভোটকেন্দ্রে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় (৬৩) কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মো. ওবায়েদুল ও আয়েশা নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তারা প্রিজাইডিং অফিসারকে অবহিত না করেই কেন্দ্র থেকে বের হয়ে যান বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, কেন্দ্র থেকে বের হয়ে তারা উপজেলা জামায়াতের আমীরের বাসায় যান এবং সেখানে একটি গোপন বৈঠক করেন। পরে বাসা থেকে বের হওয়ার সময় তাদের আটক করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাকে জানানো হয়। অভিযোগ পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ব্যবস্থা নেন। তিনি অভিযুক্ত দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করে তাদের স্থলে নতুন দুইজনকে নিয়োগ দেন।

তবে অভিযুক্ত দুই সহকারী প্রিজাইডিং অফিসার এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, তারা কোনো রাজনৈতিক বৈঠকে যাননি; কেবল খাবার খাওয়ার জন্য কেন্দ্রের বাইরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেন্দ্র ত্যাগ করার কোনো সুযোগ নেই। একদিকে নিয়ম ভঙ্গের বিষয়টি রয়েছে, অন্যদিকে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ উঠেছে। সবকিছু বিবেচনায় নিয়ে তাদের সহকারী প্রিজাইডিং অফিসারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *