দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৩৬ হাজার ৩১টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ—এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এ পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, সারাদেশে মোট ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ৬৫১টি। এর মধ্যে বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের প্রতিবেদন কমিশনে জমা পড়েছে। ওই প্রতিবেদন অনুযায়ীই ভোট প্রদানের এই হার নির্ধারণ করা হয়েছে।
এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রতিবেদন জমা হয়েছিল ইসিতে। তখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোট পড়ার হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ।
দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রভিত্তিক প্রতিবেদন জমা পড়তে থাকায় ভোটের হারেও পরিবর্তন দেখা যায়। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সার্বিক চিত্র তুলে ধরছে বলে জানান সংশ্লিষ্টরা।


