রাজনৈতিক সম্প্রীতির নতুন বার্তা সামনে এনে তারেক রহমান (Tarique Rahman)-কে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতা সারজিস আলম। পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচন করে মুহাম্মদ নওশাদ জমিরের কাছে পরাজিত সারজিস নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি লিখেছেন, “ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-এর সম্মানিত আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি (National Citizen Party-NCP)-এর সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।”
সারজিস আলমের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে সাম্প্রতিক নির্বাচনের পর দলগুলোর পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে যখন নানা জল্পনা চলছে, তখন এই সফর এবং তাকে ঘিরে প্রকাশিত প্রতিক্রিয়াকে অনেকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।


