নিরঙ্কুশ জয়ে তারেক রহমান ও জোটকে অভিনন্দন হেফাজতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় তারেক রহমান (Tarique Rahman) ও তার নেতৃত্বাধীন জোটকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ (Hefazat-e-Islam Bangladesh)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা নবনির্বাচিত সব সংসদ সদস্যের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন।

বিবৃতিতে আমির ও মহাসচিব বলেন, রাষ্ট্রক্ষমতা মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত এবং একই সঙ্গে কঠিন আমানত। এটি কেবল সম্মান নয়, বরং জনগণের হক আদায়ের এক গুরুদায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য নতুন সরকার সততা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবে এবং দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

নতুন সরকারের প্রতি পাঁচ দফা প্রত্যাশা

হেফাজত নেতারা নতুন সরকারের কাছে বেশ কয়েকটি দাবি ও প্রত্যাশা তুলে ধরেছেন। সেগুলোর মধ্যে রয়েছে—

  • মসজিদ-মাদ্রাসা ও আলেম-ওলামাদের সুরক্ষা নিশ্চিত করা।
  • জনগণের ধর্মীয় ও মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা।
  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি।
  • ইসলামি শিক্ষা, সভ্যতা ও তাহজিব-তামাদ্দুন সংরক্ষণে দৃঢ় পদক্ষেপ গ্রহণ।
  • ফ্যাসিবাদী ব্যবস্থার শিকড় উৎপাটন এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করা।

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নৈরাজ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। বলা হয়, সহিংসতা কোনো জাতির জন্য কল্যাণ বয়ে আনে না। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সন্ত্রাস দমনে কঠোর ও ন্যায়ভিত্তিক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও মানবিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

হেফাজত নেতারা তরুণ প্রজন্ম ও নাগরিক সমাজের প্রতিও আহ্বান জানান—সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হতে হবে। উসকানিমূলক স্ট্যাটাস, মিথ্যা তথ্য প্রচার এবং প্রতিপক্ষকে আক্রমণ থেকে বিরত থেকে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *