‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা আসিফ মাহমুদের, কাজ করবে ওয়াচডগ হিসেবে

‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)। তিনি বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক কার্যক্রমে নজরদারি বা ‘ওয়াচডগ’ হিসেবে ভূমিকা রাখবে এই কাঠামো।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’

এর একদিন আগে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির (Mohammad Shishir Monir) একই ধরনের প্রস্তাব দেন। ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।’

ক্রমাগত দুই রাজনৈতিক ব্যক্তিত্বের এমন ঘোষণায় ‘ছায়া মন্ত্রিসভা’ ধারণাটি নতুন করে আলোচনায় এসেছে রাজনৈতিক মহলে।

ছায়া মন্ত্রিসভা কী

সংসদীয় গণতন্ত্রে ‘ছায়া মন্ত্রিসভা’ সাধারণত বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প কাঠামো। এখানে ক্ষমতাসীন সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দলের পক্ষ থেকে একজন করে “ছায়া মন্ত্রী” মনোনীত থাকেন। তাঁরা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ না হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সমান্তরালভাবে নিজেদের অবস্থান তুলে ধরেন।

এই ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হলো—সরকার যখন কোনো নীতি গ্রহণ বা সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তখন বিরোধী দলের ছায়া মন্ত্রী সেই নীতির ভালো-মন্দ দিক বিশ্লেষণ করবেন। সম্ভাব্য ত্রুটি, সীমাবদ্ধতা বা ঝুঁকির দিকগুলো চিহ্নিত করে বিকল্প প্রস্তাব উপস্থাপন করবেন। এর মাধ্যমে সংসদীয় বিতর্ক ও নীতিনির্ধারণ প্রক্রিয়া আরও গতিশীল হয় বলে মনে করা হয়।

যদিও ছায়া মন্ত্রিসভার কোনো নির্বাহী ক্ষমতা থাকে না এবং তারা সরাসরি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না, তবু এটি সরকারকে নিয়মিত জবাবদিহির মধ্যে রাখার একটি কার্যকর রাজনৈতিক কাঠামো হিসেবে বিবেচিত। একই সঙ্গে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য বিরোধী দলকে প্রস্তুত রাখার ক্ষেত্রেও এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *