রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক জাহেদ উর রহমান (Zahed Ur Rahman)-কে প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসমিুল গণি। প্রজ্ঞাপন অনুযায়ী, ‘Rules of Business, 1996’-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নির্ধারিত দপ্তরে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রতিমন্ত্রীর সমপর্যায়ের সুযোগ-সুবিধা ভোগ করবেন।
ডা. জাহেদ উর রহমান পেশাগতভাবে একজন চিকিৎসক হলেও রাজনৈতিক বিশ্লেষক ও লেখক হিসেবে পরিচিত। শিক্ষাজীবনে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)-এর আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। তিনি ‘জনপ্রিয়তম লেখকের মৃত্যু বিক্রির গল্প’ শীর্ষক একটি বইয়েরও রচয়িতা।
একই প্রজ্ঞাপনে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তদের নামও উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ডা. জাহেদ উর রহমান ছাড়াও হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ড. মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।
সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ কার্যকর হয়েছে।


