সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত ও পিছিয়ে পড়া অঞ্চলের মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা (Barrister Rumin Farhana)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠের পর তিনি এই মন্তব্য করেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তিনি।
রুমিন ফারহানা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করা আমার জন্য কঠিন ছিল। এবারের সংসদে আমার অবস্থান থাকবে দেশের সাধারণ মানুষের পক্ষে। বিশেষ করে নির্বাচনী এলাকায় প্রান্তিক ও অত্যন্ত অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব।
বিএনপিতে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এই মুহূর্তে বিএনপিতে ফেরার সম্ভাবনা নেই।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, সেখানে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আমি বিএনপির মেয়ে নই। আপনারা কেন সবসময় আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন। আমি একসময় দলের সমর্থক ছিলাম এবং দেশ ও মানুষের পক্ষে সেই দলের হয়ে কথা বলেছি, কিন্তু মতের মিল না থাকায় আমি সরে এসেছি।”


