পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, আগামী মে মাস থেকে পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “আমাদের ইশতেহারে উল্লেখ আছে প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা। চারা সংগ্রহের জন্য আমরা তিনটি প্রধান উৎস ব্যবহার করব—মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট ফরেস্ট, মিনিস্ট্রি অব অ্যাগ্রিকালচার এবং প্রাইভেট সেক্টরের নার্সারি। যা পাওয়া যায় সবই ব্যবহার করা হবে।”
চারা রোপণের সময়সূচি নিয়ে মন্ত্রী বলেন, “মে মাসের মধ্যে চারা রোপণ কার্যক্রম শুরু হবে। জুলাইয়ের পরে তা কার্যকর করা সম্ভব নয়। এ বছর পূর্বে চারা রোপণ সম্পূর্ণ হয়নি, তাই এখন আমাদের তিনটি ডিপার্টমেন্ট ও প্রাইভেট নার্সারি থেকে যতটা সম্ভব চারা সংগ্রহ করে লাগানো হবে।”
গাছের অবস্থান নিয়ে তিনি জানান, “লগানোর জন্য সাত-আটটি সিস্টেম রয়েছে—চরে, নদীর দুই পাশে বাঁধে, রাস্তার ধারে, হিল ট্র্যাকের এরিয়ায়, ম্যানগ্রোভে এবং সুন্দরবনের লবণাক্ত পানির এলাকায়। এই সব জায়গায় আমরা চারা রোপণ করব।”
মন্ত্রী আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণ। হয়তো এ বছর আমরা লক্ষ্য পূর্ণ করতে পারব না, তবে আগামী বছর তা পূর্ণ করার মাধ্যমে পাঁচ কোটির বেশি রোপণ নিশ্চিত করা হবে। এটি আমাদের পরিকল্পনার অংশ।”


