ভূমি মন্ত্রণালয় Ministry of Land সম্প্রতি ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ স্বাক্ষরিত পরিপত্রে এই তথ্য জানানো হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, খতিয়ান (পর্চা) ও মৌজা ম্যাপ সেবা আরও জনবান্ধব ও টেকসই করতে নতুন ফি নির্ধারণ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, যেকোনো ধরনের খতিয়ানের সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য সরকারি ফি ১০০ টাকা এবং সেবা ফি ২০ টাকাসহ মোট ১২০ টাকা পরিশোধ করতে হবে।
অন্যদিকে, যেকোনো মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য সরকারি ফি ৫২০ টাকা এবং সেবা ফি ২৫ টাকাসহ মোট ৫৪৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন এবং এ সংক্রান্ত সকল ফি অবশ্যই অনলাইনে পরিশোধ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে, যা ভূমি সেবার ব্যবহারকারীদের জন্য আরও স্বচ্ছতা এবং সহজলভ্যতা নিশ্চিত করবে।


