বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) এবং ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
সরকারি ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোঃ আবদুস সাত্তার পাটোয়ারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।
এতে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত তিনি চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর আস্থার ওপরই তার এই নিয়োগের মেয়াদ নির্ভর করবে।
প্রজ্ঞাপনে নিয়োগের কার্যকারিতা ও শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ করে বলা হয়েছে, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তিনি দায়িত্ব গ্রহণ করবেন এবং সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তার বেতন ও অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।


