২০২৫ সালে ১৪ লাখ ভিসা ইস্যু: বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিলেন সৌদি রাষ্ট্রদূত

২০২৫ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য মোট প্রায় ১৪ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি সরকার, যার মধ্যে ৭ লাখ ৫০ হাজারই কর্মভিসা—ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এ তথ্য জানিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ পরিসংখ্যান তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে সৌদি আরব কে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাসনামলে ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা হয়। পরের বছর, ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়া সৌদি আরব সফর করেন। বৈঠকে উভয়েই বিশ্ব মুসলিম ঐক্য সুদৃঢ়করণে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মাহর শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তিনি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অন্যান্য অগ্রাধিকার খাতে সহযোগিতা সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। দুই দেশের ভৌগোলিক কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে পারস্পরিক স্বার্থে নতুন দিগন্ত উন্মোচনের ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

আলোচনায় ১৯৭৯ সালের প্রসঙ্গও উঠে আসে। সে সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে প্রায় ২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়ায় সৌদি আরবের সহযোগিতার কথা স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য সৌদি আরবের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করে তিনি মিয়ানমারে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আরও সহযোগিতা কামনা করেন।

এ সময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি সমন্বিত ও ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার লক্ষ্যে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে ৭ লাখ ৫০ হাজার কর্মভিসাসহ মোট প্রায় ১৪ লাখ ভিসা ইস্যু করা হয়েছে। সৌদি আরবে চলমান ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কারণে দক্ষ ও অর্ধদক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ এখনও বিস্তৃত রয়েছে বলেও তিনি জানান।

এর আগে একই দিন সকালে সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌদি ভিশন ২০৩০-এর অধীনে যুবরাজের নেতৃত্বে গৃহীত সংস্কার উদ্যোগসমূহের প্রশংসা করা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *