সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তারা হলেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় (Ministry of Law)-এর পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (Supreme Court of Bangladesh)-এর হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৮) অনুযায়ী রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদত্যাগ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
ওইদিন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি স্বহস্তে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন এবং বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে তা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়।
সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


