লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৬টি গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে, নির্বাচনে অংশগ্রহণ না করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থীরা ৮টি পদে বিজয়ী হয়েছেন। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের কোনো প্রার্থী ছিল না। এ নির্বাচনে জামায়াত সমর্থিত কোনো প্রার্থীই জয়ী হতে পারেননি। টানা দ্বিতীয়বারের মতো তাদের কেউ নির্বাচিত না হওয়ায় বিষয়টি স্থানীয় আইনজীবী অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবির। দিনভর ভোটগ্রহণ শেষে তারাবির নামাজের বিরতির কারণে ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয় বলে তিনি জানান।
জানা গেছে, টানা দ্বিতীয়বারের মতো ২৩২ ভোট পেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনিরুল ইসলাম হাওলাদার সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমেদ পেয়েছেন ১৩৪ ভোট। একইভাবে ২১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিক উল্যাহ। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্যানেলের নুর উদ্দিন বাবুল পেয়েছেন ১৪৬ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুল মজিদ (বিএনপি) ও আবুল খায়ের ভূঁইয়া (আওয়ামী লীগ)। সহ-সাধারণ সম্পাদক পদে ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি) এবং চাঁদ মনি মোহন (আওয়ামী লীগ) বিজয়ী হন। পাঠাগার সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোশারফ হোসাইন (বিএনপি)। সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন জামাল উদ্দিন (আওয়ামী লীগ)। অডিটর পদে রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ) নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন আজহার উদ্দিন রকি (আওয়ামী লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ মানিক (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী লীগ), আবদুর রহিম মানিক (আওয়ামী লীগ) এবং জাফর আহমদ (বিএনপি)।
এদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (Bangabandhu Awami Ainjeevi Parishad)-এর লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব নুরুল হুদা পাটওয়ারী গত ২৬ জানুয়ারি এক নোটিশে জানান, আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২০২৭ সেশনের লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি (Lakshmipur District Bar Association) নির্বাচনে কোনো পদে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বাস্তবে দেখা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া বিভিন্ন পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তাদের আটজন বিজয়ীও হয়েছেন। এ বিষয়ে নুরুল হুদা পাটওয়ারীর বক্তব্য জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক এক সভাপতি জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তারা মূলত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী দেননি। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নির্বাচন না করার সিদ্ধান্ত ছিল। তারপরও অন্যান্য পদে নির্বাচন করে আওয়ামী লীগ সমর্থিত আটজন প্রার্থী জয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির বলেন, ভোট গণনা শেষে যথাযথ প্রক্রিয়ায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


