নির্বাচনী তহবিলের অনুদান ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া তাসনিম জারা (Tasnim Jara) নির্বাচনী তহবিলে পাওয়া অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, নির্বাচনী তহবিলে যারা অনুদান দিয়েছেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষাপটে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা যেন নিঃসংকোচে নির্ধারিত ফর্ম পূরণ করে অর্থ গ্রহণ করেন—এমন আহ্বানও জানান তিনি।

তিনি উল্লেখ করেন, যারা ব্যাংকের মাধ্যমে অনুদান দিয়েছেন, তারা নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। ব্যাংকে সরাসরি নগদ জমা দিয়ে থাকলে এবং ডিপোজিট স্লিপ হারিয়ে গেলে বা না থাকলেও আবেদন করার সুযোগ থাকছে। সে ক্ষেত্রে অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে অনুদানের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।

এছাড়া বিকাশের মাধ্যমে যারা অনুদান পাঠিয়েছেন, তাদের জন্যও আলাদা ফর্মের ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট ফর্ম পূরণ করেই তারা অর্থ ফেরতের আবেদন করতে পারবেন।

ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ, ২০২৬। পোস্টের শেষে তাসনিম জারা সমর্থকদের উদ্দেশে লেখেন, তাদের আস্থা ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *