বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। একজন ভারতীয় নাগরিক কেন এ পদে দায়িত্ব পেলেন—এ প্রশ্ন ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হলেও সংশ্লিষ্ট নথি ও চুক্তির কাঠামো বলছে, বিষয়টি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; বরং প্রতিষ্ঠাকালীন সমঝোতার অংশ হিসেবেই এটি একটি নির্ধারিত আবর্তন প্রক্রিয়ার ফল।
রামপালের এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে গড়ে ওঠা একটি বৃহৎ প্রকল্প। ৫০:৫০ অংশীদারিত্বের ভিত্তিতে এটি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (Bangladesh Power Development Board – BPDB) এবং ভারতের জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড (NTPC Limited)। দুই দেশের সমান অংশীদারিত্বে গঠিত কোম্পানিটির নাম বাংলাদেশ–ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)।
যৌথ মালিকানার কাঠামো অনুযায়ী, প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলো বাংলাদেশ ও ভারতের মনোনীত কর্মকর্তাদের মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। চুক্তির শর্তে ব্যবস্থাপনা পরিচালক পদটিও এই আবর্তন নীতির আওতাভুক্ত। ফলে নির্দিষ্ট মেয়াদ পূর্তির পর দায়িত্ব হস্তান্তর একটি স্বাভাবিক প্রক্রিয়া।
তথ্য অনুযায়ী, প্রকল্পটির প্রথম দুই ব্যবস্থাপনা পরিচালক—কাজী আবসার উদ্দিন ও সৈয়দ আকরামউল্লাহ—উভয়ই বাংলাদেশি ছিলেন। এরপর তৃতীয় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ভারতীয় নাগরিক সঙ্গীতা কৌশিক ২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে দায়িত্ব পালন করেন। তার মেয়াদ শেষ হওয়ার পর চুক্তির ধারাবাহিকতা রক্ষা করেই এবার রামনাথ পূজারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন।
দায়িত্ব গ্রহণের আগে রমানাথ পূজারী রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্ট পরিচালনা, নির্ভরযোগ্যতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত নিয়মাবলী প্রতিপালনে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। তার সময়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং প্রকল্পের অভ্যন্তরে টাউনশিপ উন্নয়ন কার্যক্রমও পরিচালিত হয়েছে।
রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ডিজিএম আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রমানাথ পূজারীর জন্ম ১৯৬৮ সালে ভারতের ওড়িশায়। তিনি ভুবনেশ্বরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিই (মেকানিক্যাল) ডিগ্রি অর্জন করেন এবং গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ সম্পন্ন করেন।
এছাড়া আহমেদাবাদের আইআইএম এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন তিনি। ১৯৮৯ সালে এনটিপিসিতে যোগদানের মধ্য দিয়ে তার পেশাগত যাত্রা শুরু। ভারতের ছত্তিশগড় রাজ্যে অবস্থিত ২৯৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এনটিপিসির সিপাত পাওয়ার স্টেশনের প্রধানসহ বিদ্যুৎ খাতে তার প্রায় ৩৬ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।


