দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জেদ্দায় অনুষ্ঠেয় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) (OIC)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতেই তার এই সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। দায়িত্ব নেওয়ার পর এটি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফর হওয়ায় কূটনৈতিক মহলে সফরটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির একটি জরুরি বৈঠক আয়োজন করছে ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC)। বৈঠকের কেন্দ্রবিন্দুতে থাকছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইসরাইলি দখলদার কর্তৃপক্ষের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত।
আলোচনায় উঠে আসবে বসতি সম্প্রসারণ, সংযুক্তকরণ এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিষয়টি। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এসব সিদ্ধান্ত অঞ্চলটির স্থিতাবস্থাকে আরও জটিল করে তুলছে এবং দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থাকে গভীরতর করছে।
ওআইসি জানিয়েছে, জরুরি এই অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয়ের চেষ্টা করা হবে। পাশাপাশি ইসরাইলের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া কী হতে পারে, তা নিয়েও আলোচনা হবে। সদস্য দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সম্প্রতি ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা করে সেখানে বসতি স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। এই পদক্ষেপকে অনেকেই দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত, রাজনৈতিক ও জনসংখ্যাগত অবস্থান পরিবর্তনের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, এমন উদ্যোগ দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও সংকুচিত করতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।


