জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে ওআইসি দেশগুলো: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ওআইসিভুক্ত দেশগুলো সমর্থন দেবে এবং বাংলাদেশের হয়ে প্রচারণাও চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সৌদি আরব সফর শেষে ঢাকায় ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

ড. খলিলুর রহমান বলেন, ওআইসিভুক্ত দেশের প্রতিনিধিরা শুধু সমর্থনের আশ্বাসই দেননি, বরং বাংলাদেশের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালানোর কথাও জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের অবস্থানকে তারা ইতিবাচকভাবে দেখছেন বলেও উল্লেখ করেন তিনি।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে রয়েছে। আমরা জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও একই দাবির পক্ষে ছিলেন।

ওআইসি বৈঠকে উত্থাপিত বিভিন্ন ইস্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভূমি ক্রয় সংক্রান্ত সাম্প্রতিক ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে তিনি বলেন, ভূমি নিয়ে ইসরায়েলের পদক্ষেপ স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন—এমন অবস্থান বৈঠকে দ্ব্যর্থহীনভাবে তুলে ধরা হয়েছে।

এছাড়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যু’\দ্ধ কখনও কারও জন্য কল্যাণ বয়ে আনে না। বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *