ঈদে পরিবহন ভাড়া নিয়ে মন্ত্রী শেখ রবিউল আলমেরে নির্দেশ

আসন্ন ঈদকে সামনে রেখে পরিবহন ভাড়া বৃদ্ধি না করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি স্পষ্টভাবে বলেছেন, ঈদে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ইতোমধ্যে পরিবহন সেক্টরকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে—ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। যেসব স্থানে ব্যত্যয় ঘটতে পারে, যেখানে যানজট তৈরি হয় বা সড়কে শৃঙ্খলা নষ্ট হয়, সেসব জায়গায় বিশেষ নজরদারি থাকবে। প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা আশা করছি এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থা মাঠে তৎপর থাকবে। যাত্রীদের ভোগান্তি কমাতে সমন্বিতভাবে কাজ করা হবে।

শীতলক্ষ্যা নদীর দূষণ প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, বিষয়টি পরিবেশ মন্ত্রণালয়কে অবগত করা হবে। পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও করণীয় বিষয়গুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *