ইরান-ইসরাইল সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস (Bangladesh Embassy) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ইরান-ইসরাইল সংঘাতের কারণে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।
দূতাবাসের নির্দেশনায় আরও বলা হয়েছে, সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা জরুরি। নগদ অর্থ, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে হঠাৎ পরিস্থিতি পরিবর্তিত হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
একই সঙ্গে কাতারের প্রচলিত আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কাতার সরকার (Qatar Government) কর্তৃক জারি করা যেকোনো বিবৃতি বা নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের আইনের পরিপন্থি—এ বিষয়েও সতর্ক করা হয়েছে প্রবাসীদের। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংযম ও দায়িত্বশীল আচরণের অনুরোধ জানিয়েছে দূতাবাস।
জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ খোলা রয়েছে। পাশাপাশি mission.doha@mofa.gov.bd ইমেইলেও যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত ও সতর্ক থাকার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মনোভাব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।


