মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যু’\দ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport) থেকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত টানা চার দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত বদলে যাওয়া পরিস্থিতি এবং আকাশসীমা বন্ধ ঘোষণার সিদ্ধান্তের জেরে এই অচলাবস্থা তৈরি হয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যে যু’\দ্ধ পরিস্থিতির সূচনা হয়, তার পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি বিকাল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য হয়ে চলাচলকারী বহু আন্তর্জাতিক ফ্লাইট হঠাৎ করেই স্থগিত হয়ে যায়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (Civil Aviation Authority of Bangladesh) বা বেবিচক সূত্র জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকার কারণে নির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল করা হয়। একই ধারাবাহিকতায় ৩ মার্চের তালিকায় থাকা আরও ২২টি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে চার দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১-এ।
৩ মার্চের বাতিল হওয়া ফ্লাইটগুলোর তালিকায় রয়েছে কাতার এয়ারলাইন্স (Qatar Airways)-এর চারটি, এমিরেটস এয়ারলাইন্স (Emirates Airlines)-এর চারটি, গালফ এয়ার (Gulf Air)-এর চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি এবং জাজিরা এয়ারলাইন্সের চারটি ফ্লাইট। বিভিন্ন গন্তব্যে যাত্রার অপেক্ষায় থাকা যাত্রীদের জন্য এটি নতুন করে অনিশ্চয়তার বার্তা নিয়ে এসেছে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আকাশপথ পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।


