দেশের বাজারে মোটা চালের মূল্যবৃদ্ধির খবর প্রকাশ্যে আসতেই দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন (Atiqur Rahman Rumon)।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, “গতকাল খুচরা বাজারে মোটা চালের মূল্য বাড়ার সংবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর ফলে তাৎক্ষণিকভাবে বাজারে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।”
সরকারি সূত্রে জানা যায়, মূল্যবৃদ্ধির খবর পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেন প্রধানমন্ত্রী। বাজারে যেন অযৌক্তিকভাবে দাম না বাড়ে এবং সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়—সেই দিকটি মাথায় রেখেই সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন কোম্পানির যে বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছিল, সেগুলোও দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কয়েকদিন আগে বিজয় সরণী সড়ক দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শন করা হচ্ছিল। বিষয়টি চোখে পড়তেই তাৎক্ষণিকভাবে সেটি অপসারণের নির্দেশ দেন তিনি। এরপর সংশ্লিষ্টরা দ্রুত ব্যবস্থা নেয়।
সরকারি মহলে বিষয়টি প্রশাসনিক শৃঙ্খলা ও সংযমের বার্তা হিসেবেই দেখা হচ্ছে। একদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা, অন্যদিকে ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা এড়িয়ে চলার নির্দেশ—দুই দিক থেকেই প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


