শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং শিক্ষার্থীদের জন্য আন্তনগর ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, সামাজিকভাবে পিছিয়ে থাকা ও নির্দিষ্ট বয়সসীমা অতিক্রম করা নাগরিকদের যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী রবিউল আলম জানান, ঈদ সামনে থাকায় সুবিধাটি ঈদের আগেই চালুর চেষ্টা চলছে। তবে সময় স্বল্পতার কারণে তা বাস্তবায়নের সম্ভাবনা কম বলেও ইঙ্গিত দেন তিনি। আগামী কোরবানির ঈদের আগেই এটি নিশ্চিতভাবে কার্যকর করা হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।
ভাড়া ছাড় পেতে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রবীণদের জাতীয় পরিচয়পত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। এসব নথির ভিত্তিতেই ছাড় প্রযোজ্য হবে।
মুক্তিযোদ্ধারা এ সুবিধার আওতায় থাকবেন কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। বয়স ও শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শ্রেণিভিত্তিক বিবেচনায় নয়।
অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ছাড় পাওয়ার প্রক্রিয়া সম্পর্কেও ব্যাখ্যা দেন তিনি। মন্ত্রীর ভাষ্য, টিকিট কাটার সময় নির্দিষ্ট একটি অপশন থাকবে। সেখানে প্রয়োজনীয় আইডি বা কাগজপত্রের তথ্য প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে ২৫ শতাংশ ভাড়া ছাড় প্রযোজ্য হবে।


