জামায়াত আমিরের কাছে ‘ইনসাফ’ চাইলেন গোলাম মাওলা রনি, চাইলেন চার বছরের পাওনা টাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)-এর কাছে নিজের পাওনা আদায়ে ইনসাফ চেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট কলামিস্ট গোলাম মাওলা রনি (Golam Maola Rony)। মঙ্গলবার (৩ মার্চ) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াত আমিরের ছবি সংযুক্ত করে এ দাবি জানান।

ফেসবুক পোস্টে আবেগঘন ভাষায় গোলাম মাওলা রনি লেখেন, “ইয়া আমির উল জামাত! ইনসাফ চাই! ইনসাফ চাই! সম্মানিত রাহবার। আপনাদের পত্রিকা দৈনিক নয়াদিগন্ত আমার প্রায় ৪ বছরের মেহনতের মূল্য পরিশোধ করছেনা। বহুজনে বহু নিবেদন করেও কাজ না হওয়ায় আপনার শরণাপন্ন হলাম।”

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি জামায়াত-ঘনিষ্ঠ পত্রিকা দৈনিক নয়াদিগন্তে উপসম্পাদকীয় লিখেছেন। অন্য পত্রিকায় যে সম্মানি তিনি পেয়ে থাকেন, তার মাত্র পাঁচ ভাগের এক ভাগ অর্থে তিনি সেখানে লিখতেন বলে দাবি করেন। তার ভাষায়, এটি ছিল “এক ধরনের সহানুভূতির” বহিঃপ্রকাশ।

নিজের আর্থিক অবস্থা ও শ্রমের প্রসঙ্গ টেনে সাবেক এই সংসদ সদস্য আরও লেখেন, “একটা সময় আপনাদের হয়তো অভাব ছিল। কিন্তু আল্লাহর দয়ায় আপনারা সংকটমুক্ত। কিন্তু তারপরও কেন পাওনা পরিশোধ হচ্ছে না তা বোধগম্য নয়। আমি খেটে খাওয়া মানুষ। জীবন-জীবিকার জন্য এখনো আমাকে দৈনিক ১৮ ঘণ্টা মেহনত করতে হয়।”

তিনি দাবি করেন, চার বছরে প্রায় ২০০টি উপসম্পাদকীয় লিখেছেন, যার মোট শব্দসংখ্যা প্রায় পাঁচ লাখ। এত বিপুল লেখালেখির পেছনে যে পরিমাণ শ্রম, ঘাম ও মনন জড়িত—তা উপলব্ধি করার আহ্বান জানান তিনি। পোস্টের শেষাংশে তিনি লেখেন, “সুতরাং আমার ঘাম, শ্রম, মেধা, মনন এবং আপনাদের প্রতি সহানুভূতির ইনসাফ চাই।”

এ বিষয়ে জামায়াতে ইসলামির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে রনির এই পোস্ট ঘিরে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *